লিভারপুল সেরা

আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৪৬ পিএম

‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’ গানের সুরে মুখরিত ওয়ান্ডা মেট্রোপলিটানো। স্পেনের রাজধানী থেকে সেই সুরের আবহ বয়ে গেল ইংল্যান্ডের মার্সিসাইডে। সেখান থেকে বিশ্বের সব লিভারপুল সমর্থকের মনে। এমন উপলক্ষের কারণ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

শনিবার টুর্নামেন্টের ‘অল ইংলিশ’ ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে দীর্ঘ অপেক্ষার পর ট্রফি জয়ের আনন্দে মেতেছে লিভারপুল। শিরোপা নির্ধারণীতে স্পার্সদের ২-০ গোলে হারিয়েছে অল রেডরা। এক গোল হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইতিহাসের অন্যতম দ্রুততম, আর অন্যটি ম্যাচের শেষে। মাত্র ২ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে প্রথম গোল করেন মোহামেদ সালাহ। আর ৮৭ মিনিটে শিরোপা নিশ্চিত করা লক্ষ্যভেদ করেন দিভোক ওরিগি। এতে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয় লিভারপুলের। আর টুর্নামেন্টটিতে প্রথমবার ফাইনালে উঠে শিরোপা হারানোর বেদনায় পুড়ে টটেনহ্যাম।

২০০৫-০৬ মৌসুমের পর আবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি গেল লিভারপুলের ঘরে। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে এবার সফল হলো তারা। গতবার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হতাশায় পড়েছিল ইয়ুর্গেন ক্লপের দল। সেই শোক থেকে শক্তি নিয়ে ফাইনালে এবার কোনো ভুল করেনি অল রেডরা। ষষ্ঠ শিরোপা দিয়ে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে টপকে গেল তারা। এতদিন পাঁচ শিরোপা নিয়ে বাকি দুই জায়ান্টের পাশেই ছিল ইংলিশ ক্লাবটি। টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ের হিসাবে দলটি এখন এককভাবে তিনে। ইউরোপিয়ান ফুটবলে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটির সামনে কেবল এসি মিলান ও রিয়াল মাদ্রিদ। মিলানের শিরোপা ৭ আর রেকর্ড ১৩টি শিরোপা রিয়াল মাদ্রিদের।

২০১২ সালের পর এটি লিভারপুলের প্রথম শিরোপা। দায়িত্ব নেওয়ার পর দলকে প্রথম শিরোপা দিতে পেরে দারুণ খুশি ক্লপ। চার বছরে একটিও শিরোপা দিতে পারেননি দলকে। উল্টো ইউরোপা ও লিগ কাপের ফাইনালে হেরে বেশ চাপে ছিলেন। সবকিছু মিটিয়ে দিলেন ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের ট্রফি দিয়ে। ফাইনাল জেতার পর ক্লপ জানান, ‘সত্যিই খুব নির্ভার লাগছে, নিজের জন্য, পরিবারের জন্যও। গতবারগুলোতে আমরা রানার্সআপ মেডেল নিয়ে ছুটিতে যেতাম। দ্বিতীয় হওয়া কখনই ভালো অনুভূতি না। এবার ছুটিতে চ্যাম্পিয়ন মেডেল থাকবে আমাদের।’

দারুণ একটি মৌসুমের দুর্দান্ত সমাপ্তিতে মোহামেদ সালাহও খুশি। পুরো মৌসুম লড়াই করেও মাত্র ১ পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে প্রিমিয়ার লিগ শিরোপা হারায় লিভারপুল। তাই ২৯ বছরের লিগ শিরোপা জয়ের আক্ষেপ থেকে গেছে। তবে ১৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে সেই হতাশা ভুলেছে অল রেডরা। ফাইনাল শেষে সালাহ জানান, ‘আমি সত্যি খুব গর্বিত, মিসরের ছোট্ট একটা গ্রাম থেকে কায়রোতে আসা, সেখান থেকে লিভারপুলে এই শিরোপা জেতা। জীবনে অনেক কষ্ট করেছি। আজ মনে হচ্ছে সেসব কষ্টের ফল পেলাম।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত