বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মদ সিরাজকে ধানের শীষ প্রতীকের চিঠি দিয়েছে বিএনপি। গতকাল রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে চিঠিটি তুলে দেন।
একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়ার এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিদ্ধান্তে বিএনপির নির্বাচিত পাঁচ সাংসদ শপথ নিলেও মির্জা ফখরুল শপথ নেননি।
জি এম সিরাজকে চিঠি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী এ বি এম আবদুস সাত্তার, বগুড়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহে আলম, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
পরে জি এম সিরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘ধানের শীষ প্রতীকের চিঠি পেয়েছি। এখন এলাকায় ফিরে যাব।’
আজ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তা। এ নির্বাচনে ভোট হবে ২৪ জুন। সম্প্রতি সাবেক সাংসদ জি এম সিরাজকে বগুড়া জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।
