নিউইয়র্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের সদর দপ্তরের সামনে গত রবিবার শতাধিক মানুষ নগ্ন হয়ে প্রতিবাদ করে। নগ্নতা নিয়ে ফেইসবুক ও ইনস্টাগ্রামের সেন্সরশিপের বিরোধিতা করেই তারা ওই প্রতিবাদ করে বলে জানিয়েছে সিএনএন।
টুইটারে ইতিমধ্যেই #উইদ্যনিপল শিরোনামে হ্যাশট্যাগ আন্দোলন শুরু হয়েছে। রবিবার ভোরের আলো ফুটতেই প্রতিবাদকারীরা নগ্ন হয়ে ফেইসবুকের সদর দপ্তরের সামনে
শুয়ে পড়ে। এ সময় তাদের হাতে ছিল পুরুষদের স্তনের অগ্রভাগের ছবি, যা দিয়ে তারা নিজেদের
জননাঙ্গ ঢেকে রেখেছিল। পুরুষদের পাশাপাশি অনেক নারী অধিকারকর্মীও এই প্রতিবাদে অংশগ্রহণ করেন। গ্র্যাব দেম বাই দ্য ব্যালট নামের একটি নারী অধিকারবিষয়ক সংগঠন এক বিবৃতিতে জানায়, তারা শৈল্পিক নগ্নতার বিরুদ্ধে ফেইসবুক ও ইনস্টাগ্রামের জারি করা সেন্সরশিপের বিরুদ্ধে চ্যালেঞ্জ করবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ডন রবার্টসন বলেন, ‘বিশ্ব মাতৃদিবসে আমাদের সংগঠনের পক্ষ থেকে ফেইসবুকে একটি নগ্ন ছবি প্রকাশ করা হলে ফেইসবুক কর্র্তৃপক্ষ তা বাতিল করে দেয়। সব নগ্নতা সমাজের জন্য গ্রহণযোগ্য নয়, কিন্তু কিছু নগ্নতা সমাজের বোধের বিকাশ ঘটায়। ফেইসবুকের নিষেধাজ্ঞার ফলে বিকশিত হওয়ার সম্ভাবনা নষ্ট হচ্ছে।’
সিএনএন এ বিষয়ে ফেইসবুক ও ইনস্টাগ্রাম কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি। ইনস্টাগ্রামের গাইডলাইন অনুসারে কোনো নগ্ন ছবি প্রকাশ করা যাবে না। সেখানে বলা হয়, ‘আমরা জানি কিছু সময় মানুষ তার শৈল্পিক নগ্ন ছবি প্রকাশ করতে চায়। কিন্তু বিভিন্ন কারণে আমরা ইনস্টাগ্রামে নগ্নতার অনুমতি দিতে পারি না।’
