কম পুঁজি নিয়ে ভারতের সঙ্গে লড়ছে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৫ জুন ২০১৯, ০৮:২৫ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। টানা দুই হারের স্মৃতি সঙ্গী করে বুধবার ভারতের মুখোমুখি হয়েছে প্রোটিয়ারা। আগে ব্যাট করে স্কোর বোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি ফ্যাফ দু প্লেসির দল।

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছিল প্রোটিয়ারা। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২৭ রান করে দলটি। ভারতের দারুণ ব্যাটিং লাইন আপের সামনে এই পুঁজি নিয়েই এখন লড়তে হবে ইমরান তাহির, কাগিজো রাবাদাদের।

ভারতীয় ‍দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহর দারুণ বোলিংয়ের সঙ্গে যুজবেন্দ্র চাহাল ছিলেন দুর্দান্ত। ভারতীয় বোলিং তোপে সেভাবে দাঁড়াতেই পারেনি প্রোটিয়াদের ব্যাটিং। খুঁড়িয়ে খুঁড়িয়ে দুই শ পেরোয় তারা।

সেটিও লোয়ার অর্ডারের দৃঢ়তায়। আটে নেমে ক্রিস মরিস দলীয় সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেছেন। সাতে নামা আন্দিলে ফেলুকোয়ায়ো করেন ৩৪ রান। নয় নম্বরে নামা রাবাদা ৩১ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া অধিনায়ক দু প্লেসি ৩৮ ও ডেভিড মিলার ৩১ রান করেন।

ভারতের পক্ষে চাহাল সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত