নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর প্রশংসা ও সমালোচনা দুটিই শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। স্বল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করায় প্রশংসা কুড়িয়েছে টাইগাররা। আবার ম্যাচের বেশ কিছু দিক নিয়ে সাধারণ দর্শকদের রয়েছে প্রশ্ন।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে তেমনই এক নেতিবাচক প্রশ্ন শোনতে হলো অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে। এক সাংবাদিক প্রশ্ন করলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কেন রক্ষণাত্মক কৌশলে ছিল তার দল।
মাশরাফী প্রশ্নটার উত্তর দিতে গিয়ে বললেন, ‘‘আসলে কোনটা রক্ষণাত্মক, কোনটা আক্রমণাত্মক জানি না। হারলে আপনাদের কাছে হয়ে যায়। আপনারা বিশ্লেষণ তো কম করেন না! কাকে কোথায় আক্রমণ করতে হয় সেটাও আপনারা ভালো বোঝেন। হারলেই আপনারা প্রশ্ন বদলে ফেলেন।’’
টাইগাররা রক্ষণাত্মক কৌশলে খেলেছে বিষয়টি মানতে পারছেন না মাশরাফী। বললেন, ‘রক্ষণাত্মক কোথাও ছিল না। যাকে আক্রমণ করার দরকার করা হয়েছে। দিন শেষে কিন্তু বোলারের বিষয় যে তারা কী চায়।’’
‘‘পরিস্থিতির ওপরও অনেক কিছু নির্ভর করে। সবকিছু মাথায় রেখে ফিল্ডিং সাজিয়েছি। শুধুই ম্যাচের ফলের দিকে না তাকিয়ে কথা বললে ভালো হয়।’’
শনিবার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
