ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তির জন্য সুশাসনের অভাবকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বুধবার ঈদের নামাজ শেষে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি আরও বলেন, উৎসবের এই দিনে মানুষের মনে আনন্দ নেই।
গত বুধবার দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হয়। আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ার কথা জানিয়ে বৃহস্পতিবার ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে রাত ১১টার দিকে সিদ্ধান্ত বদলে বুধবার ঈদ উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়। এ প্রসঙ্গটি তুলে ধরে
সরকারের সমালোচনা করে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, দেশে সুশাসন না থাকলে যা হয় তাই হয়েছে। উনারা ৮ টা-সাড়ে ৮টার মধ্যে বললেন যে চাঁদ দেখা যায়নি, ঈদের তারিখও বলে দিলেন বৃহস্পতিবার। আবার রাত সাড়ে ১০টা-১১টার দিকে সেটা সংশোধন করলেন, ধর্ম প্রতিমন্ত্রী নিজেই সংশোধন করলেন। কোথা থেকে তারা খবর পেয়েছেন, সে জন্য আজকে আবার ঈদ হবে।’
তিনি বলেন, ‘ঈদের একটা প্রস্তুতি আছে, নামাজ পড়ার জন্য তো একটা প্রস্তুতি দরকার। জনগণের কষ্টের বিষয়গুলো কখনোই এই সরকার সঠিকভাবে উপলব্ধি করেনি, উপলব্ধি করার প্রয়োজনও মনে করে না। যে কারণে জনগণ কষ্ট পায়, ভোগান্তি হয়, সেই ধরনের কাজ তারা করে।’
এবার মানুষের ঘরে ঈদের আনন্দ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দিনে সারা দেশের মানুষের আনন্দ করার কথা। কিন্তু লাখ লাখ মানুষের ঘরে কোনো আনন্দ নেই, তাদের কোনো উৎসব নেই। কারণ হাজার হাজার গণতান্ত্রিক কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, তারা ঘরে থাকতে পারে না। এই ঈদের দিনেও তারা ঘরে যেতে পারে না। আমরা জানি যে এবার কৃষকরা ধান বিক্রি করতে পারেনি। ফলে তাদের ঘরে কোনো আনন্দ নেই।’
ঈদযাত্রায় দুর্ভোগ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘অনেকেই যানবাহনের সমস্যার কারণে বাড়িতে পৌঁছাতে পারেননি, আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারেননি।’
ঈদের দিন কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে দলের নেতাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের জন্য এটা আরও হৃদয়বিদারক এ জন্য যে, আমাদের নেত্রী কারান্তরীণ। তার সঙ্গে আমরা দেখাটা পর্যন্ত করতে পারছি না। আমরা আবেদন করেছিলাম, অনুমতি দেয়নি। পরিবারের সাতজনকে মাত্র দিয়েছে।’
এবারের ঈদ স্বস্তির বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ফখরুল বলেন, ‘এই সরকারের কথাকে খুব বেশি গুরুত্ব দেই না। এ জন্য দেই না যে তারা সব সময়ই অসত্য কথা বলে এবং জনগণের সঙ্গে প্রতারণা করে।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, কাজী আবুল বাশার, আহসানউল্লাহ হাসান, রফিক শিকদার, শাহ নেছারুল হক, আনিসুর রহমান তালুকদার খোকন, আবুল কালাম আজাদ প্রমুখ।
