বিশ্ব পর্যটন সংস্থার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৩:১০ এএম

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ সংস্থাটির ক্রিডেনশিয়াল কমিটিরও সদস্য নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে এ দুটি পদে নির্বাচিত হয় বাংলাদেশ। প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এতে সভাপতিত্ব করেন।

এতে আরও বলা হয়, বিশ্ব পর্যটন সংস্থার ক্রিডেনশিয়াল কমিটির সদস্য হিসেবে সর্বসম্মতিতে নির্বাচিত হয় বাংলাদেশ। সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে ইরান প্রতিদ্বন্দ্বিতা করলেও কমিশন ফর সাউথ এশিয়ার সব সদস্যের ভোটে বিজয়ী হয় বাংলাদেশ। ফলে বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ২৩তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ছাড়াও এক বছর মেয়াদে এ পদে থাকবে। বর্তমানে বাংলাদেশ সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার চেয়ারম্যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে যোগ দিতে গত রবিবার প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ভুটান যায়। দলের অন্যরা হলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ভুবন চন্দ্র বিশ্বাস ও উপপরিচালক নিলুফার ইয়াসমিন এবং মন্ত্রণালয়ের উপসচিব ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবদুল জলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত