নদীতে মিলল যুবকের গলিত মরদেহ

আপডেট : ০৮ জুন ২০১৯, ১২:৪৭ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া এলাকায় বড়াল নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গলিত মরদেহটি উদ্ধার করে।

ওসি আরও জানান, মৃত যুবকের নামপরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫/২৬ বছর। পরনে প্রিন্টের শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।

তার শরীরে আঘাতের কোনো চিহ্ন বোঝা যাচ্ছে না। কয়েকদিন আগে কোনো কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত