জেলার সুবর্ণচরে গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় গতকাল শনিবার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে চর জব্বার থানা পুলিশ। একই দিনে পলাতক তিন আসামির সম্পত্তি জব্দ করা হয়েছে।
চর জব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ধর্ষণ মামলার পলাতক আসামি হানিফকে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চেউয়াখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামছুদ্দিন খালেদের আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী পলাতক আসামি মোশাররফ হোসেন, সোহেল ওরফে ছোট খালেদ ও চৌধুরী মিয়ার মালামাল জব্দ করা হয়েছে। একই আদেশে হানিফের মালামাল জব্দের কথা থাকলেও তিনি গ্রেপ্তার হওয়ায় তার মালামাল জব্দ করা হয়নি।
গত সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে চার সন্তানের জননী ওই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত হোতা হিসেবে পরিচিত সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক রুহুল আমিনসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
