তিশা কোনো সৃষ্টিশীল কাজের মান ভালো না মন্দ, সেটি বিচারের নানা মাধ্যম থাকে। একটি দর্শকের রায়, অন্যটি সমালোচকদের রায়। ইউটিউব ভিউ বেশি বা কম দেখে কোনো কাজের মান ভালো না খারাপ, সেটি যাচাই করা যায় না। কিন্তু আপাতদৃষ্টিতে কোন কাজটি হিট আর কোনটি ফ্লপ, সেটি বোঝার বড় মাধ্যম এখন ইউটিউব। কারণ, অতিরিক্ত বিজ্ঞাপন বিরতি এবং ব্যস্ততার কারণে দর্শক টিভিতে বসে এখন আর সেভাবে নাটক দেখতে পারেন না। এবার ঈদে প্রায় আড়াই শ নাটক নির্মিত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ নাটক বিভিন্ন টিভি বা ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়েছে। ঈদের দিন থেকে গতকাল রবিবার পর্যন্ত এসব নাটকের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে, তেমন কিছু নাটক নিয়ে এই আয়োজন।
এবারের ঈদের নাটকের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইউটিউব ভিউ হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত আফরান নিশো ও তানজিন তিশার নাটক ‘দ্য এন্ড’। বাংলাভিশনে প্রচারিত নাটকটি গত ৫ জুন ধ্রুব টিভিতে প্রকাশ করা হয়। এরই মধ্যে নাটকটি প্রায় আড়াই মিলিয়ন (২৫ লাখ) ভিউ হয়েছে। নাটকটি এত দ্রুত দর্শকপ্রিয়তা পাওয়া প্রসঙ্গে পরিচালক অমি বলেন, ‘আমি এবার ইমোশনাল গল্প নিয়ে বেশি কাজ করেছি। যেমনÑ এই নাটকটিতে নায়কের একদিকে বাবা-মা, প্রেম, অন্যদিকে তার নিজের জীবন। এই দোদুল্যমানতা দর্শককেও ভুগিয়েছে। শুধু এ নাটকটিই নয়, আমার পরিচালনায় নিশো ও সাবিলা নূর অভিনীত ‘দ্য টেইলার’ নাটকটিও এরই মধ্যে এক মিলিয়ন ভিউ হয়েছে। এখানে দুজন খেটে খাওয়া মানুষের গল্প রয়েছে। খুবই বাস্তব গল্প এটি। আর নিশো-মেহজাবিন জুটির ‘টম অ্যান্ড জেরি-২’ নাটকটি দেখা হয়েছে সাত লাখ বার। এতে আবার ভিন্ন একটি গল্প তুলে ধরেছি। আধুনিক দুই তরুণ-তরুণীর প্রেম, খুনসুটির গল্প এটি। রুশো আহমেদের পরিচালনায় আফরান নিশো ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত নাটক ‘লাভলী ওয়াইফ’ ভিউয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে (প্রায় দুই মিলিয়ন) আছে। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালার নাটক এটি। রাজ বলেন, এবার আমার চ্যানেলের একাধিক নাটক বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে লাভলী ওয়াইফ নাটকটি। আমাদের দেশের প্রতিটি পুরুষই চান একজন সৎ ও শান্তশিষ্ট স্ত্রী। এ নাটকে তিশা ওইসব স্ত্রীর প্রতিচ্ছ্ববি। তাই হয়তো দর্শক সহজেই গল্পটি আপন করে নিয়েছেন। এ ছাড়া আমার চ্যানেলের ‘এক্স ওয়াইফ’ নাটকটিও ১১ লাখ ভিউ হয়েছে। কাজল আরেফিন অমির পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন নিশো ও তানজিন তিশা। এরই মধ্যে ১২ লাখ ভিউ হয়েছে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় আফরান নিশো ও তানজিন তিশা অভিনীত নাটক ‘ব্রেকআপ’। এই পরিচালকের ‘আঙুলে আঙুল’ দেখা হয়েছে ৩ লাখ ১৫ হাজার বার। এতে অভিনয় করেছেন তাহসান ও নুসরাত ইমরোজ তিশা। প্রায় এক মিলিয়ন ভিউ হয়েছে নিশো ও মেহজাবিন জুটির আরেক নাটক ‘শেষটা সুন্দর’। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। এই নির্মাতার আরেক নাটক ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’ দেখা হয়েছে প্রায় সাত লাখ বার। এতে অভিনয় করেছেন ‘বড় ছেলে’খ্যাত জুটি অপূর্ব ও মেহজাবিন।
ইমরাউল রাফাতের নির্দেশনায় অপূর্ব ও পিয়া বিপাশা অভিনীত ‘টু বি ওয়াইফ’ নাটকটির ভিউ হয়েছে প্রায় আট লাখ বার। এটি গানচিলের ইউটিউব চ্যানেলে এসেছে। এ ছাড়া নাগরিক টিভির নাটক ‘বেলি ফুলের বিয়ে’ নাটকটির ভিউ হয়েছে ছয় লাখ বার। সোহেল আরমানের এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। নিশো ও মেহজাবিনের আরেক নাটক ‘আনোয়ার দ্য প্রোডাকশন বয়’ নাটকের ভিউ পাঁচ লাখ। প্রেমের নাটকের ভিড়ে দু-একটি কমেডি নাটকও বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে রয়েছে মোশাররফ করিম-শবনম ফারিয়ার নাটক ‘সেই রকম কাচ্চিখোর’। বৈশাখী টিভির দুই নাটক ‘বরিশাল টু ঢাকা’ ও ‘ভাবির দোকান’ দেখা হয়েছে যথাক্রমে সাত লাখ ও চার লাখ বার। এ দুটি নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। আরও ছিলেন নাজিরা মৌ, অহনা প্রমুখ।
