বৃষ্টিতে পয়েন্ট মিলল দক্ষিণ আফ্রিকার

আপডেট : ১০ জুন ২০১৯, ০৯:৫৫ পিএম

টানা তিন ম্যাচ হারের পর বিশ্বকাপে ‘মহামূল্যবান’ এক পয়েন্টের দেখা পেল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি প্রকৃতির আশীর্বাদে। সোমবার ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।

সাউদাম্পটনে এদিন খেলা হয়েছে মাত্র ৭.৩ ওভার। টস হেরে আগে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২৯ রান করেছিল প্রোটিয়ারা। এরপরই বৃষ্টি হানা দেয় ম্যাচে। টানা চার ঘণ্টা ধরে চলা বৃষ্টি ম্যাচটি পণ্ড করে ছেড়েছে।

এক পয়েন্ট করে নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। চার খেলায় এখন ১ পয়েন্ট প্রোটিয়াদের। অন্যদিকে তিন খেলায় ৩ পয়েন্ট উইন্ডিজের। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকা এ ম্যাচের আগে হেরেছে একাধারে ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের বিপক্ষে।

বৃষ্টির আগে যতটুকু খেলা হয়েছে, তাতে ছিল উইন্ডিজের দাপট। দলীয় ১১ রানে হাশিম আমলা ও ২৮ রানে আইডেন মারকরামের উইকেট হারায় প্রোটিয়ারা। দুটি উইকেটই নেন শেলডন কটরেল।

৬ রান করা হাশিম আমলাকে ফিরিয়েছেন ক্রিস গেইলের হাতে ক্যাচ বানিয়ে। এরপর ৫ রান করা আইডেন মারকরামকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন কটরেল।

এমন দাপুটে শুরুর পর ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় নিশ্চিতভাবেই আক্ষেপ করবে ওয়েস্ট উইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত