এক দশকের মধ্যে সবচেয়ে চাপে দেশের অর্থনীতি: সিপিডি

আপডেট : ১১ জুন ২০১৯, ০৬:২৬ পিএম

গত এক দশকের মধ্যে বর্তমানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি সবচেয়ে বেশি চাপের মুখে রয়েছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘জাতীয় অর্থনীতির পর্যালোচনা ও আসন্ন বাজেট প্রসঙ্গ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এমন দাবি করেন।

তিন কারণে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় চিড় ধরেছে উল্লেখ করে তিনি বলেন, এই অনুষঙ্গগুলো হলো- কর আহরণে দুর্বলতা, ব্যাংকিং খাতে সমস্যা এবং বৈদেশিক লেনদেনের স্থিতিতে চাপ।

ড. দেবপ্রিয় বলেন, সরকার ব্যাংকিং খাতের সমস্যা দূর করতে সম্প্রতি যেসব পদক্ষেপ নিয়েছে তার একটিও ভালো ফল দিতে পারেনি। বরং ব্যাংকিং খাতের খেলাপি ঋণ আরও বেড়েছে।

তার মতে, কর আহরণে দুর্বলতার কারণে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারকে উচ্চ সুদের অর্থায়নের দিকে যেতে হচ্ছে, যা সরকারের বাজেট ব্যয়ও বাড়াচ্ছে।

দেশের অর্থনীতির সংস্কার প্রয়োজন জানিয়ে সিপিডির বিশেষ এই ফেলো বলেন, এই সংস্কার হতে হবে ব্যাংকিং খাত থেকে শুরু করে আরও অনেক খাতে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে থাকলেও বেসরকারি বিনিয়োগ ও শিল্পায়নের দিক থেকে ততটা ভালো অবস্থানে নেই।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান। তিনি বলেন, বিগত কয়েক বছরে শেয়ারবাজারে অনেক সংস্কার হয়েছে। শেয়ারবাজারের উন্নয়নের জন্য এই সংস্কার অব্যাহত রাখা প্রয়োজন। শুধু সংস্কার বা প্রণোদনা দিলেই শেয়ারবাজারে কাজে আসবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত