প্রতিরক্ষায় বরাদ্দ বেড়েছে ১৮৫০ কোটি টাকা

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৩:০৫ এএম

প্রতিরক্ষা খাতে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলতি অর্থবছরের চেয়ে ১ হাজার ৮৫০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবার এ খাতে তিনি ব্যয় ধরেছেন ৩২ হাজার ৫২০ কোটি ৪ লাখ ৬৫ হাজার টাকা, যা মোট বাজেটের ৬ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৩০ হাজার ৬৭০ কোটি ৮ হাজার টাকা। প্রস্তাবিত বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য ৬ দশমিক ০৩ শতাংশ বরাদ্দ বেড়েছে। বাজেট প্রস্তাবনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সেনা, নৌ ও বিমানবাহিনীর আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়ানোর বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে। মন্ত্রণালয়ের অধীন আবহাওয়া অধিদপ্তরকে রাখা হয়েছে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে। তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে রাখা হয়েছে আন্তঃবাহিনী দপ্তরগুলোকে। আর আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তিরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের বিষয়টি রাখা হয়েছে চতুর্থ অগ্রাধিকার খাত হিসেবে।

এ খাতের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছেÑ দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর ব্যবস্থাপনা, স্থলসীমা, জলসীমা, আকাশসীমা ও সমুদ্রসীমা রক্ষা করা। সেনা, নৌ ও বিমানবাহিনীর আইন ও বিধিবিধান প্রণয়ন, বাজেট ব্যবস্থাপনা, সামরিক ভূমি ব্যবস্থাপনা, আবহাওয়া পর্যবেক্ষণ ও পূর্বাভাস। দেশের ক্যাডেট কলেজগুলো এবং ন্যাশনাল ক্যাডেট কোরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম সমন্বয় ও তদারকি করা। এ ছাড়া মহাকাশ গবেষণা, ভূ-উপগ্রহ পাঠানো সংক্রান্ত গবেষণা কার্যক্রম ও জরিপ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনা ও সামগ্রিক তত্ত্বাবধান করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত