অর্থবছরের আট মাস

বেপজার শিল্প প্রতিষ্ঠানে ১২ হাজার কর্মসংস্থান

আপডেট : ১৫ জুন ২০১৯, ১২:৫০ এএম

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) শিল্প প্রতিষ্ঠানগুলোতে ১২ হাজার ২৪৯ বাংলাদেশির প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯-এ এ তথ্য তুলে ধরা হয়।

এতে আরও জানানো হয়, এ সময় এখানে বিনিয়োগ হয়েছে ৪ হাজার ৮৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার। আর রপ্তানির পরিমাণ ছিল ৫ হাজার ১৭ দশমিক ৪০ মিলিয়ন ডলার।

শিল্প খাতের দ্রুত বিকাশের লক্ষ্যে বেপজা দেশে ইপিজেড স্থাপনের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণসহ শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। দেশে বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা (নীলফামারী), আদমজী ও কর্ণফুলী-৮ ইপিজেড রয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়, বেপজা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী, বেপজার প্রতিষ্ঠানগুলোতে চলতি অর্থবছর ১৫ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

ইপিজেডগুলোতে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট বিনিয়োগ হয়েছে ৪ হাজার ৮৮৪ দশমিক ০১ মিলিয়ন ডলার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী এই অর্থবছরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০০ মিলিয়ন ডলার। প্রথম ৮ মাসে প্রকৃত বিনিয়োগ হয়েছে ২০৩ দশমিক ১৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় আরও বলা হয়, ফেব্রুয়ারি পর্যন্ত ইপিজেড থেকে ক্রমপুঞ্জিত রপ্তানির পরিমাণ ৭১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছর রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৬ হাজার মিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে ইপিজেড থেকে রপ্তানি হয় ৫ হাজার ১৭ দশমিক ৪০ মিলিয়ন ডলার। ২০১৭-১৮ অর্থবছর বাংলাদেশের মোট জাতীয় রপ্তানির ১৯ দশমিক ৬৫ শতাংশ ইপিজেড থেকে রপ্তানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত