বজ্রপাতে কৃষক ও বিজিবির নায়েকের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৯, ১২:৪৯ এএম

বজ্রপাতে নীলফামারীর ডিমলায় বিজিবির নায়েক এবং নোয়াখালীর সুবর্ণচরে কৃষক মারা গেছেন।

ডিমলায় নিহত বিজিবির নায়েক কামরুল হাসান (৩৫) সীমান্তে টহলরত অবস্থায় ছিলেন। এসময় আহত হন সিপাহী ইয়াসিন আলী। তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঠাকুরগঞ্জ সীমান্ত এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

তারা বিজিবি ৫১ ব্যাটালিয়নের ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ঠাকুরগঞ্জ বিওপি সীমান্ত ক্যাম্পে কর্মরত ছিলেন। নিহত নায়েক কামরুল হাসানের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক মোস্তাফিজুর রহমান ও ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ।

অপরদিকে, শনিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যায় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন বলে জানিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস।

তিনি জানান, দুপুর দেড়টায় চর আমান উল্যার কৃষক আবদুল মোতালেব (৪৫) আকাশে ঘন মেঘ দেখে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত