স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা

আত্মগোপনে থাকায় ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে দেরি

আপডেট : ১৬ জুন ২০১৯, ০১:৫৪ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে দেরি হচ্ছে। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন। গতকাল শনিবার দুপুরে জাতীয় জাদুঘরে ‘তারুণ্য কথা’ নামে একটি সংগঠনের চিত্রকর্ম অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারে পুলিশের কোনো গাফিলতি আছে কি না এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ‘না, এখানে পুলিশের কোনো গাফিলতি নেই। তিনি আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। তবে যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন।’

ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও অনলাইনে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন। গত ২৭ মে ওই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়ার পর তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়। এরপর থেকেই লাপাত্তা মোয়াজ্জেম।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতের শরীরে গত ৬ এপ্রিল কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এর দিন দশেক আগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে নুসরাতের দেওয়া জবানবন্দি ভিডিও করেন সোনাগাজীর তৎকালীন ওসি মোয়াজ্জেম। অগ্নিদগ্ধ নুসরাত গত ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। তাকে পুড়িয়ে হত্যার মামলায় সিরাজসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত