বাংলায় থাকলে আগে বাংলায় কথা বলতে হবে : মমতা

আপডেট : ১৬ জুন ২০১৯, ০২:২২ এএম

ভারতে লোকসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করে আসছিলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাঙালি ও অবাঙালিদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। এবার তিনি বললেন, বাংলায় থাকতে গেলে আগে বাংলায়  কথা বলতে হবে। তার পরে অন্য ভাষা।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বহিরাগত’রা এখন এ রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা করছে। সেই সূত্রেই গতকাল শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি বিহারে বা উত্তরপ্রদেশে গেলে হিন্দি বলি। পাঞ্জাবে গেলে পাঞ্জাবি ভাষায় বলি কয়েক লাইন। তামিলনাড়–টা শুধু জানি না। তবু ‘ভানাক্কম’টা (নমস্কার) জানি। বাংলায় থাকতে হলে বাংলাটাও শিখতে হবে। তার পরে অন্য ভাষা।’

কাঁচরাপাড়ায় তৃণমূলের কর্মিসভার মঞ্চে তিনি আরও বলেন, ‘বাংলায় থাকব আর বাইকে চেপে ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনালগিরি মানব না! পুলিশকে বলছি, দুস্কৃতকারীদের থামান। গ্রেপ্তার করুন।’ তৃণমূল শিবিরের বক্তব্য, ব্যারাকপুর লোকসভা আসনে বিজেপির জয়ের পরে এলাকায় অর্জুন সিংহের যে বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে, তাদের সম্পর্কেই এমন মন্তব্যে করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাকে কিছুতেই গুজরাট হতে দেবেন না, এ কথাও এদিন বললেন মমতা। তবে একই সঙ্গে তিনি ব্যাখ্যা দিয়েছেন, ‘এর মানে গুজরাটের সব মানুষ খারাপ, এ রকম ধরে নেওয়া ঠিক নয়। কিন্তু কেউ যদি বলেন, গান্ধী আর অমিত শাহ এক, তা হলে কিন্তু মানব না। দেশ স্বাধীন হওয়ার দিন গান্ধী এই কলকাতার বেলেঘাটায় অনশন করেছিলেন দাঙ্গা ঠেকানোর জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত