কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া জমিদারপাড়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে আবুল কাশেম প্রকাশ বদি আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বদি আলম ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জমিদার পাড়া এলাকায় মৃত নুরুল হকের দুই ছেলে মনির উদ্দীন ও শফি উদ্দীনের মাঝে বসতভিটার চলাচল পথের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হামিদ শনিবার সন্ধ্যার দিকে তাদের দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ মীমাংসা করেন। পরে রাতে তাদের দু’জনের মধ্যে আবারও তর্কবিতর্ক শুরু হয়। ঘটনার এক পর্যায়ে তাদের বড় ভাই বদি আলম ছোট ভাইদের ঝগড়া মীমাংসা করতে যায়।
তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মনির উদ্দীনের হাতে থাকা লাঠি দিয়ে তার বড় ভাই বদি আলমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে তারা পটিয়া নামক স্থানে পৌঁছালে আহত বদি আলমের মৃত্যু হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
