এবারের বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এই মহারণে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।
বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ছয়বার মুখোমুখি দেখায় প্রতিবারই জিতেছে ভারত! ইতিহাস ১০০ শতাংশ ভারতের সঙ্গে থাকায় সেটা ধরে রাখার চাপটা অনেকটাই বেশি। তবে বিশ্বকাপে ছাড়া ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। দল দুটি মোট ওডিআই ১৩১টি; এর মধ্যে পাকিস্তান জয়ী ৭৩টি ম্যাচে, ভারত জয়ী ৫৪টি ম্যাচে। পরিত্যক্ত ৪টি ম্যাচ।
ভারতের সামনে আজকের ম্যাচটি ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি হারের বদলা নেওয়ার পালাও বটে। পাকিস্তান শেষ বারের সাক্ষাতে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা জেতে।
ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুদল। ১৯৯৯ সালের আসরে একই ভেন্যুতে পাকিস্তানকে ৪৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচেও হারেনি ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে জয়ের পর, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায় বিরাট কোহলির দল। নিজেদের তৃতীয় ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেস্তে যায়। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে মোকাবেলায় নামছে টিম ইন্ডিয়া।
অন্যদিকে, চার ম্যাচের দুটিতে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সরফরাজ আহমেদের দল। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। কিন্তু চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারে পাকিস্তান। ৩ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে পাকিস্তানের মধ্যে পাকিস্তানের অবস্থান নয়ে।
মুখোমুখি সমীকরণ আর ইতিহাস যাই বলুক না কেন, ভারত-পাকিস্তান একে অপরকে ছেড়ে কথা বলবে না। চরম উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব।
