মানুষ তার স্বপ্নের সমান বড়। ইচ্ছাশক্তি, অধ্যবসায় আর দৃঢ়তা থাকলে মানুষ নিজেকে নিয়ে যেতে পারে সাফল্যের চূড়ায়। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশি তরুণ ফাহিম মোহাম্মদ। যাকে এক দশক আগেও বাংলাদেশ থেকে ফ্রান্সে অবৈধভাবে পালিয়ে থাকতে হয়েছে, অথচ এক দশকের ব্যবধানে সেই ফ্রান্সেই তার জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র!
২০০০ সালে ঢাকার ডেমরায় জন্ম নেওয়া খুদে দাবাড়ু ফাহিমের জীবনী নিয়ে পিয়ের-ফ্রাঁসোয়া মার্তা-লাভালের ছবির নামও ‘ফাহিম’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রবাসী আহমেদ আসাদ। আসছে অক্টোবরের ১৬ তারিখে ফ্রান্সে মুক্তি পাবে সিনেমাটি। গত শুক্রবার প্রকাশ পেয়েছে এর ট্রেলার। যেখানে দেখা যায় খুদে দাবাড়ু ফাহিমের জীবনসংগ্রাম। ‘ফাহিম লা ফিল্ম’ নামে একটি অফিশিয়াল ওয়েবসাইটে দেখা যায়, চলচ্চিত্রটি নিয়ে গল্পসংক্ষেপ। সেখানে লেখা হয়েছে, ফাহিম নামের ছেলেটি তার বাবা নূরে আলমের সঙ্গে প্যারিস এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে বাবা-ছেলের ঠাঁই হয় একটি আশ্রয়শিবিরে। সেখানে সরকারি মাসোহারা আর টুকটাক কাজকর্ম করে কাটতে থাকে তাদের দিন। এর দুই বছর পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন ‘চূড়ান্তভাবে’ প্রত্যাখ্যাত হলে তাদের ফ্রান্স ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু তারা সেটা না করে পালিয়ে বেড়াতে থাকেন। এরই মধ্যে একটি দাবা টুর্মামেন্টে অংশ নিয়ে এক দাবা প্রশিক্ষকের নজরে পড়েন ফাহিম। পাল্টে যেতে থাকে তাদের জীবন। একদিকে টিকে থাকার সংগ্রাম, অন্যদিকে দাবা খেলা। ঘরোয়া দাবা ছাড়াও ফ্রান্সের হয়ে ইউরোপ জুনিয়র ও বিশ্ব জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন হয়ে সংবাদপত্রের শিরোনামে ঠাঁই করে নেন ফাহিম। তাকে নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক ছড়িয়ে পড়ে চারদিকে। শেষ পর্যন্ত দাবা খেলেই ফ্রান্সের স্থায়ী নাগরিকত্ব লাভ করেন ফাহিম।
