সরকার ভারতের সঙ্গে ভালো সম্পর্কের কথা দাবি করলেও দেশটির সীমান্তরক্ষী বাহিনী নিয়মিতই বাংলাদেশিদের গুলি করে হত্যা করছে বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া ‘কথিত ভালো’ সম্পর্কের অজুহাতে বাংলাদেশ থেকে ভারত সব ধরনের সুবিধা নিচ্ছে। গতকাল রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা বিএনপি আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন ফখরুল।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত চার দিনের বিজিবি-বিএসএফ প্রধান পর্যায়ের সীমান্ত সম্মেলনে বিএসএফপ্রধান রজনীকান্ত মিশ্র ‘সীমান্ত হত্যা’কে অনাকাক্সিক্ষত মৃত্যু বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে ফখরুল বলেন, সীমান্তে কোনো অনাকাক্সিক্ষত মৃত্যুর ঘটনা ঘটছে না। বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। আমাদের দেশে আইন আছে, এই হত্যাকাণ্ডগুলো বন্ধ করতে হবে।
রুহিয়া থানা বিএনপির সভাপতি আনছারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মিসভায় ফখরুল বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো। অথচ ভালো সম্পর্ক দাবি করলেও দেশের হিস্যা আজও পূরণ করতে পারেনি সরকার। অভিন্ন নদীর পানি সংকট আজও দূর হয়নি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সংসদ অবৈধ, জনগণের ভোটে নির্বাচিত হয়নি, জণগণের ভোট ডাকাতি করেছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা জনগণের অধিকার রক্ষা করতে পারিনি। এ সরকার দেশের সব রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। এবারের বাজেটেও সরকারের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেশি বরাদ্দ দিয়েছে। মির্জা ফখরুল বলেন, এ সরকারের অপশাসন থেকে রক্ষা পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
