শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশের দুই নারী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট নায়মা হক ও তামান্না-ই-লুতফিকে নিয়ে বিশেষ তথ্যচিত্র তৈরি করেছে জাতিসংঘ। সাব সাহারা অঞ্চলের দেশ কঙ্গোতে হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করছেন তারা। এই দুই পাইলট সম্পর্কে জাতিসংঘ বলছে, সাব সাহারা অঞ্চলের নারী ও কিশোরীদের নানা প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের জন্য তারা (তামান্না ও নায়মা) হবেন রোল মডেল।
ভিডিওতে পাইলট তামান্না বলেন, ‘নিজেকে একজন নারী হিসেবে পরিচয় দিতে চাই না, আমি একজন শান্তিরক্ষী কর্মী। আমি হেলিকপ্টারের একজন পাইলট, তাই নারী বা পুরুষ কে ফ্লাইট পরিচালনা করছে যন্ত্রাংশের জন্য এটার প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, তামান্না ও নায়মা বাংলাদেশের প্রথম নারী সামরিক পাইলট, যারা ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কর্মরত রয়েছেন।
নায়মা বলেন, ‘আমরা স্থানীয় নারীদের কাছে অনুপ্রেরণার উৎস হতে পারি। তাই তারা যখনই আমাদের দেখে, উৎসাহ পায়। তরুণীদের উৎসাহের জায়গা হলো তাদের শিক্ষিত হতে হবে। অধিকারের জন্য তাদের সোচ্চার হতে হবে। কোনো কিছু অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
এ ছাড়া একজন হেলিকপ্টার পাইলট হিসেবে তারা বিভিন্ন ধরনের মিশনে কাজ করতে পারেন জানিয়ে নায়মা তাদের নিত্যনৈমিত্তিক কাজের বর্ণনা দেন। ৩ মিনিট ৩৯ সেকেন্ডের তথ্যচিত্রে এই দুই পাইলট কাজের মধ্য দিয়ে নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
