ভারতীয় টিভি সিরিয়াল অভিনেতা করণ ওবেরয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী। এবার সেই ‘নির্যাতিতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যম জানায়, সোমবার মুম্বাইয়ের ওশিওয়াড়া পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। বলা হচ্ছে, করণের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।
৪ মে টেলিভিশনের অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। ৩৪ বছরের মডেল-অভিনেত্রী অভিযোগ করেন, ২০১৭ সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেন করণ। ওই সময়কার ঘটনা রেকর্ড করে হুমকি দেন- টাকা না দিলে ভিডিওগুলো প্রকাশ করে দেবেন।
এই সব অভিযোগের প্রেক্ষিতে করণকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৮৪ ধারায় মামলা হয়।
এদিকে, দিন কয়েক আগে ওই নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। প্রাতঃভ্রমণে বেরোলে বাইকে করে দুষ্কৃতকারীরা ধাওয়া করে। ধারালো ছুরি দিয়ে তার হাতে আঘাত করে। হুমকি দেওয়া হয়- কথা না শুনলে অ্যাসিড হামলা হবে।
ওই হুমকিতে কান দেননি বলে জানান নিগৃহীতা মহিলা। বরং আইনি লড়াইয়েই সমাধানের আশা করেন।
কিছুদিন আগে জামিনে মুক্তি পান করণ। আর এবার সেই নারীই গ্রেপ্তার হয়েছেন।
পুলিশের বক্তব্য, করণের বিরুদ্ধে তোলা ধর্ষণের অভিযোগ মিথ্যা ছিল। এমনকি সাম্প্রতিক হামলার ঘটনাও ছিল ওই নারীর সাজানো।
