ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় দেয়াল লিখন ও গাছে বিজ্ঞাপন লাগালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র আতিকুল ইসলাম। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটরিয়ামে সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব প্ল্যানার্স এবং সিএন্ডএ ফাউন্ডেশন আয়োজিত ‘শিশুদের স্বপ্নের শহর’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, পরিচ্ছন্ন নগরী গড়তে দেয়ালে কেউ কিছু লিখলে বা গাছে পেরেক মেরে বিজ্ঞাপন দিলে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। এরই মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, শিশুবান্ধব নগরী গড়তে ‘নগর অ্যাপের’ ফলো মি অপশনের মাধ্যমে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগারগাঁওয়ে পৃথক সাইকেল লেনসহ সড়ক হবে।
