বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারকে উদ্দেশ করে বলেছেন, ‘অনেক খারাপ কাজ করেছেন। এখন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি ভালো কাজ করুন। এ কাজটি করলে জনগণ সরকারকে সাধুবাদ জানাবে।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গরিবের বাজেট চাই’ শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘কোর্ট খালেদা জিয়াকে মুক্তি দিলে সরকারের কোনো আপত্তি থাকবে না’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় দুদু আরও বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা যে স্বাধীন নয়, সেটা আরেকবার প্রমাণ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যে। তবে দেশের জনগণ বিশ^াস করে সরকার যদি খালেদা জিয়ার মুক্তি ও জামিনের পথে বাধা না হয়, তাহলে তিনি মুক্তি পাবেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ও জজ কোর্টের বিচারকদের প্রতি জনগণের কোনো অভিযোগ নেই। বিচারকরা মনেপ্রাণে চাইলেও তা কার্যকর করতে পারছেন না। কারণ সরকার সংসদ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ নিজেদের দখলে নিয়েছে।
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপির সাবেক এই সাংসদ বলেন, যে বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে তা পুরোটাই বড়লোকের জন্য, গরিবের জন্য নয়। কিছু দিন আগেও কৃষক ধানক্ষেতে আগুন দিয়েছেন ধানের দাম না পাওয়ার কারণে। অথচ বাজেটে কৃষকদের কোনো ছাড় দেওয়া হয়নি। ছাড় দেওয়া হয়েছে যারা ব্যাংক, শেয়ারবাজার লুট করেছে তাদের।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক গোলাম সরোয়ার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।
