বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি কুকুর উপহার দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শুক্রবার বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে কুকুরগুলো বেনাপোল বিজিবি ক্যাম্পে আনা হয়। যশোর ৪৯ বিজিবিব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত জানুয়ারিতে বিজিবির ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের মধ্যপ্রদেশের বিএসএফের ট্রেনিং সেন্টারে যায় প্রশিক্ষণের জন্য। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিজিবির নায়েক সুবেদার মাহবুবুল আলম। প্রশিক্ষণ শেষে ওই প্রতিনিধিদল গতকাল বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফ উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ভারতীয় কুকুর দেয়।
সেলিম রেজা জানান, কুকুরগুলোকে প্রথমে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে রাখা হবে। পরে এগুলো ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে।
