মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মাঝ পদ্মায় লঞ্চ ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে অল্পতে বেঁচে গেছেন দুই শতাধিক যাত্রী। গতকাল শনিবার দুপুর ১টার দিকে শিমুলিয়া ঘাটের অদূরে নৌরুটের চায়না চ্যানেল পয়েন্টে এমএল রিয়াদ যাত্রীবোঝাই লঞ্চের সঙ্গে বিপরীতমুখী বালুবোঝাই বাল্কহেডের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও লঞ্চটির দুই শতাধিক যাত্রী অক্ষত আছেন। পরে লঞ্চযাত্রীদের নিরাপদে শিমুলিয়া ঘাটে নিয়ে আসা হয়।
মাদারীপুরের কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ-র পরিদর্শক আক্তার হোসেন জানান, এমএল রিয়াদ নামে একটি লঞ্চ দুই শতাধিক যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চটি নৌরুটের চায়না চ্যানেল পয়েন্টে এলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ভেতরে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে অন্য দুটি লঞ্চ দুর্ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত লঞ্চের যাত্রীদের নিরাপদ গন্তব্যে নিয়ে আসে।
