অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বোলিংই পার্থক্য গড়বে

আপডেট : ২৩ জুন ২০১৯, ১২:০৯ এএম

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই প্রতিদ্বন্দ্বী। তাই বিশ্বকাপে এ দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। চলতি বিশ্বকাপে আগামী মঙ্গলবার মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার বলেছেন, ম্যাচের পার্থক্য গড়ে দেবে দুই দলের বোলিং। নাথান লায়নকেও সুযোগ দেওয়ার কথা বলেন তিনি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট অস্ট্রেলিয়ার। অন্যদিকে লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার সঙ্গে হেরে ইংল্যান্ডের পয়েন্ট এখন ৮।

বর্ডার বলেন, ‘দুই দলের জন্যই ম্যাচটি হবে মূল্যায়নের। তবে ইংল্যান্ড এই ম্যাচে ফেভারিট। খেলায় জয়-পরাজয় নির্ধারিত হবে বোলিং দিয়ে। দুই দলেরই বড় সংগ্রহ গড়ার সামর্থ্য আছে। যারা ম্যাচের সুযোগগুলো কাজে লাগাতে পারবে তারা জয়ী হবে।’ অস্ট্রেলিয়ার ছয় ম্যাচ শেষ হলেও এখনো সুযোগ পাননি স্পিনার নাথান লায়ন।

বোর্ডার বলেন, ‘১০০ ওভারের পুরোটা ভালো পারফরম্যান্স এখনো করেনি (অস্ট্রেলিয়া)। আমার মাথায় ঘুরছে, নাথান লায়নকে সুযোগ দেওয়া উচিত। সে উইকেট টেকিং বোলার। জানে কীভাবে আউট করতে হয়। সে খুব ভালো অ্যাটাকিং বোলার এবং বল ভালো রিভার্স করাতে পারে।’ বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে খেলা সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত