ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে পাশবিক নির্যাতন

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৮:২২ পিএম

জমি সংক্রান্ত বিরোধে সৎ ভাইয়ের সাথে দ্বন্দ্বের জেরে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভাঙ্গবাড়ি গ্রামে এক গৃহবধূ পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। 

শনিবার দিবাগত গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে এ নির্যাতন চালায়। ওই গৃহবধূকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী অভিযোগ করে বলেন, রাত আনুমানিক ২টার পর সৎভাই মতিনের নেতৃত্বে  আফজাল, রেজাউলসহ ৮/১০ জন বেড়া কেটে ঘরে প্রবেশ করে। স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় মুখ চেপে ধরে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর যৌনাঙ্গে বাঁশের লাঠি প্রবেশ করিয়ে দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলে গৃহবধূ । প্রতিবেশীরা ওই রাতেই রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে তাকে। অবস্থার অবনতি হলে সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করে।

নির্যাতনের শিকার ওই গৃহবধুর স্বামী আরো বলেন, বসত ভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে সৎ ভাই মতিনের সাথে বিরোধ চলে আসছিল। ওই জমির প্রায় ২শতক বেশি ভোগ করছে সে। এ নিয়ে প্রায় ঝগড়া হয় তার সাথে।

রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় থানার ওসি আব্দুল মান্নান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত