সেনা হাসপাতালের বিস্ফোরণে মাসুদ আজহার আহত?

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:২৮ পিএম

পাকিস্তানের সেনা হাসপাতালের বিস্ফোরণের ঘটনায় জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহার আহত হয়েছেন বলে খবর চাউর হয়েছে। কোয়েটার মানবাধিকার কর্মী এহসান উল্লাহ মিয়াখাইল নিজের টুইটারে এমন খবর দেওয়ার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের কোনো গণমাধ্যম মাসুদের আহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি।

মিয়াখাইলের দাবি, যে হাসপাতালে বিস্ফোরণটি হয়েছে সেখানেই ভর্তি ছিলেন মাসুদ আজহার। মিডিয়াকে ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। আর এই ঘটনা কাভার না করার জন্যও সংবাদমাধ্যমকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ঠিক কীভাবে বিস্ফোরণটি হয়েছে সেটি জানা যায়নি। ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের মূল ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য মতে, সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ আজহার। আফ্রিকার বেশ কয়েকটি দেশে আল-কায়েদার মতাদর্শ ছড়ানো ছাড়াও যুক্তরাজ্যের মসজিদগুলোতে জিহাদি তত্ত্ব মাসুদ আজহারের হাত ধরে ছড়ায়।

বর্তমানে তিনি কিডনির সমস্যায় ভুগছেন। আর সেকারণেই ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে দাবি করা হয়েছে ডিফেন্স৩৬০’র একটি টুইটার অ্যাকাউন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত