সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জামিনে মুক্ত জঙ্গিরা নজরদারিতে রয়েছে

আপডেট : ২৫ জুন ২০১৯, ০২:৪৮ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। জামিনে মুক্তিপ্রাপ্ত জঙ্গিদের নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি সাজাপ্রাপ্ত ও আটক জঙ্গিদেও বিষয়ে নিবিড় নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ মোয়াজ্জেম হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের বিশেষায়িত ফোর্স গঠনের পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণ, অপারেশনাল ও লজিস্টিকস সক্ষমতা বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বল্পসময়ের মধ্যে জঙ্গি আস্তানা, জঙ্গিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, জঙ্গিসংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িতদের শনাক্তকরণের সুবিধার্থে এলাকাভিত্তিক ভাড়াটেদের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং বিডি পুলিশ হেল্প লাইন, হ্যালো সিটি ও রিপোর্ট টু র‌্যাব প্রভৃতি অনলাইন অ্যাপস চালু এবং গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি দমনে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলো সফল অভিযান চালিয়েছে। যেকোনো ধরনের জঙ্গি-সংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। জঙ্গি হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশে জঙ্গিবাদ দমনের সফলতা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত