দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনা দায়ী : ফখরুল

আপডেট : ২৫ জুন ২০১৯, ০৩:২৯ এএম

মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনার জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন তিনি। গতকাল সোমবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিব বলেন, যে সেতুটিতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই সেতুটির দুরবস্থা নিয়ে স্থানীয় জনগণ বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতু মেরামতে উদ্যোগ গ্রহণ না করার কারণে এ মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বিরোধী দল দমনে ব্যস্ত থাকার কারণেই সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতায় সড়ক ও নৌ দুর্ঘটনাসহ রেল দুর্ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। তিনি আরও বলেন, সারা দেশে রাস্তাঘাটসহ রেলপথের বেহাল দশা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলশ্রুতিতে ব্যাপক দুর্ঘটনা ও এত মানুষের প্রাণহানি ঘটছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত