ভিডিও অন ডিমান্ড সার্ভিস হুলুর জন্য কিছুদিন আগে ডার্ক-কমেডি উপন্যাস অবলম্বনে মিনি সিরিজ ‘ক্যাচ-২২’ তৈরি করে ভালোই সাড়া পেয়েছেন জর্জ ক্লুনি। এবার নেটফ্লিক্সের জন্য নির্মাণ করতে যাচ্ছেন কল্প-বিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘গুড মর্নিং, মিডনাইট’। ২০১৬ সালের একই নামের প্রশংসিত উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন হলিউডের নামি এই অভিনেতা। সম্প্রতি তিনি স্ট্রিমিং সার্ভিসটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। লিলি ব্রুকস ডাল্টনের উপন্যাসটি লেখা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলের গবেষণারত বয়স্ক জ্যোতির্বিজ্ঞানী আগাস্টিনকে কেন্দ্র করে। মেরু অঞ্চলের এক গবেষণা কেন্দ্রে আসার পর জড়িয়ে পড়েন ভয়াবহ ঝামেলায়। একপর্যায়ে বেতার তরঙ্গের মাধ্যমে রহস্যময় শিশু আইরিসের হদিস পান। ঘটনায় আরও জড়িয়ে পড়ে বৃহস্পতি অভিযানে যাওয়া সুলিভানও তার দল। বর্তমানে ‘গুড মর্নিং, মিডনাইট’-এর চিত্রনাট্য লিখছেন মার্ক এল স্মিথ। ক্লুনির সঙ্গে প্রযোজনায় আছেন গ্র্যান্ট হেলসলভ। এক বিবৃতিতে চিত্রনাট্যকার ও সহ-প্রযোজকের প্রশংসা করেন ‘ওশান ইলেভেন’খ্যাত অভিনেতা। তাদের সঙ্গে কাজ করতে বরাবরই পছন্দ করেন বলে জানান। সঙ্গে নেটফ্লিক্সের প্রশংসা করেন। এদিকে নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগে প্রধান স্কট স্টুবারের মতে, শক্তিশালী এই গল্পটি জর্জ ক্লুনির মতো করে কেউ আর সিনেমায় চমকপ্রদভাবে তুলে ধরতে পারবে
না।
