সিলেটে রেলমন্ত্রী

কুলাউড়া দুর্ঘটনায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৩:০২ এএম

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় সংশ্লিষ্ট কারও গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, নিহতদের পরিবারকে এক লাখ ও আহত ব্যক্তিদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। গতকাল বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন রেলমন্ত্রী। এ সময় বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনও উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় রেল বিভাগ অবহেলিত ছিল। কোনো উন্নয়ন হয়নি, তবে লুটপাট হয়েছে। রেলযাত্রাকে উন্নত ও নিরাপদ করতে আওয়ামী লীগ সরকার এরমধ্যে অনেক কাজ করেছে। আরও অনেক কাজ চলছে।

তিনি বলেন, আখাউড়া থেকে সিলেট পর্যন্ত পুরনো মিটারগেজ লাইনের পরিবর্তে ডুয়েলগেজ লাইন স্থাপন করা হবে। এজন্য এরমধ্যে ১৬ হাজার ১৪৪ লাখ টাকার একটি প্রকল্প একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদন হয়েছে। শিগগির কাজ শুরু হবে।

এখন পর্যন্ত দুর্ঘটনায় কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কি নাÑ এ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে সেতু ভেঙে নয়, দুর্বল লাইনের কারণেই উবপন দুর্ঘটনায় পড়েছিল। তবে এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেলেই সব কিছু পরিষ্কার হবে। রিপোর্টের আলোকেই ব্যবস্থা নেওয়া হবে।’    

গত রবিবার রাত পৌনে ১২টার দিকে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস বরমচালের বড়ছড়া সেতু পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে চারজন নিহত ও শতাধিক যাত্রী আহত হন। ট্রেনের ১৭টি বগির মধ্যে পাঁচটি বগি ছিটকে বড়ছড়া খালে গিয়ে পড়ে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওসমানী হাসপাতাল থেকে রেলমন্ত্রী দুর্ঘটনাস্থল বরমচালে যান। সেখানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বরমচালে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। এরপর মন্ত্রী কুলাউড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত