হঠাৎ রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ বনে গেছেন টালিগঞ্জের দুই নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দুই দিন আগে তারা সাংসদ হিসেবে শপথ নেন।
বুধবার কথা বলার সুযোগ মিলতেই জিরো আওয়ারে নিজেদের নির্বাচনী এলাকার সমস্যা নিয়ে সরব হন। মিমি ও নুসরাত যথাক্রমে যাদবপুর ও বসিরহাটের দুটি সমস্যা নিয়ে কথা বলেন প্রথম বক্তৃতায়।
মিমি বলেন, ‘‘আমার নির্বাচনী এলাকার চম্পাহাটি রেলস্টেশনে কোনো ওভারব্রিজ নেই। অসম্ভব যানজট হয়। সমস্যায় পড়েন ছাত্র- চিকিৎসাপ্রার্থীরা।’’
সোনারপুর, বিদ্যাধরপুরেও রেলওয়ে লেভেল ক্রসিং না থাকার কথা তুলে কেন্দ্রকে এ ব্যাপারে উদ্যোগী হতে অনুরোধ করেন এই নায়িকা।
অন্যদিকে নুসরাত বলেন, ‘‘বসিরহাটে একটিও কেন্দ্রীয় বিদ্যালয় নেই। এটি সীমান্ত এলাকা। কেন্দ্রীয় বাহিনীর বহু বর্তমান এবং সাবেক কর্মচারী এখানে থাকেন। তাদের ছেলেমেয়েদের যাওয়ার মতো কোনো স্কুল নেই।’’
আরও জানান, এলাকার দরিদ্র মানুষও বেসরকারি স্কুলে সন্তানদের পাঠাতে পারেন না। সরকারি বিদ্যালয় থাকলে সেই সমস্যার সমাধান হবে। সামনের শিক্ষাবর্ষের আগেই একটি স্কুল প্রতিষ্ঠার দাবি তোলেন।
১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। সেখানে ছিলেন মিমিও। তাই দুই সাংসদের শপথ নিতে এক সপ্তাহ দেরি হয়।
