যেকোনো মূল্যে খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট : ২৮ জুন ২০১৯, ০২:৫৯ এএম

বরগুনায় দিনেদুপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী কী নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘যেকোনো মূল্যে গ্রেপ্তার এবং বিচারের আওতায় নিয়ে আসার জন্যÑ যারা এ ঘটনার সঙ্গে জড়িত। অলরেডি একজন গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’

গত বুধবার বরগুনা কলেজ সড়কে স্ত্রী আয়েশা আক্তারের সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করে একদল যুবক। তাকে প্রথমে বরগুনা সদর হাসপাতাল নেওয়া হয়। পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যামামলা করেন রিফাতের বাবা দুলাল শরীফ। গতকাল ভোরে এ মামলার চার নম্বর আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘প্রকাশ্য দিবালোকে এটি (হামলা) একটি নৃশংস ঘটনা, একটি মর্মান্তিক ঘটনা। আমি যতটা পুলিশ সোর্সে জানতে পেরেছি এবং আমাদের মিডিয়াতেও খবর এসেছেÑ বিষয়টি অনেকটা ব্যক্তিগত সম্পর্ক এবং প্রেমঘটিত বিষয়। সেখান থেকে ব্যক্তিগত বিদ্বেষের প্রকাশ ঘটেছে।’

এ রকম ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এটা কি বলা যায়? এগুলো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনা তো আর রাজনৈতিক নয়। রূপগঞ্জের ঘটনাও রাজনৈতিক নয়।’

আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বজিৎ হত্যার তো বিচার হয়েছে, একটা রায় হয়েছে। বিচার কার্যক্রম চলছে। অনেকে ছাড়া পেয়েছে, অনেকের ফাঁসির আদেশ হয়েছে, যাবজ্জীবন হয়েছে।’ বিশ্বজিৎ হত্যায় সরকার কাউকে ছাড় দেয়নি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত