বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যায় তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নিকে দায়ী করে আওয়ামী লীগের কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নামের একটি ফেইসবুক আইডি ও পেজ থেকে পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, ‘দুই বন্ধুর মধ্যে নষ্টের মূল মেয়েটা তবে মেয়েটার উপর কোনো আঘাত করল না কেন?’ এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ফেইসবুকসহ অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। পোস্টটি ধরে তীব্র সমালোচনা চলছে এই সাংসদের বিরুদ্ধে। বলা হচ্ছে, একজন জনপ্রতিনিধির নামের ফেইসবুক আইডি থেকে হত্যাকা-ের পক্ষে উসকানি দিয়ে স্ট্যাটাস লেখাও জঘন্য অপরাধ। ওই পোস্টে মিন্নির অপরাধ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ না দিয়েই রাজী মোহাম্মদ ফখরুলের নামে থাকা পেজে বলা হয়, ‘সাবেক স্বামী নয়নের হাতে বর্তমান স্বামী রিফাত খুন, তার চেয়ে বড় কথা রিফাত-নয়ন দুই বন্ধু, আমার প্রশ্ন হলো বন্ধু কেন শত্রুতে রূপ নিল? এবং এর বিষয় হিসাবে এত বড় খুন, খুনিদের মারার আগে এই কথাগুলো জানা খুব জরুরি, তাহলে সামনে মেয়েরা সচেতন হবে।’ এ পেজ থেকেই মিন্নির নামে খোলা একটি ফেইসবুক আইডির কিছু পোস্ট ও ছবি দেওয়া হয়। এই এমপির একই নামে খোলা ফেইসবুক আইডিতেও ওইসব পোস্ট ও ছবিগুলো শেয়ার করা হয়। এ শেয়ার দেওয়ার সময় লেখা হয়েছে, ‘দুই বন্ধুর মধ্যে নষ্টের মূল মেয়েটা তবে মেয়েটার উপর কোনো আঘাত করল না কেন?’ তবে ফেইসবুকের এই আইডি ও পেজ তার নয় বলে দাবি করেন সাংসদ রাজী মোহাম্মদ।
দেশ রূপান্তরকে তিনি বলেন, সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল নামের এই আইডি ও পেজ আমার নয়। এ সময় তিনি আরও দাবি করেন, তার কোনো ফেইসবুক আইডি ও পেজ নেই। বিভিন্ন প্রশ্নের মুখে ওই সাংসদ পরে অবশ্য বলেন, তার একটি আইডি আছে। তবে সেটা শুধুই পারিবারিক যোগাযোগ রক্ষায় ব্যবহার করা হয়। সামাজিক ও রাজনৈতিক কোনো লেখালেখি ওই আইডি থেকে শেয়ার করা হয় না।
কী নামে ওই আইডি আছে জানতে চাইলে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, সেটা আমি বলব না। কারণ সেই আইডি শুধুই পরিবারের যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করা হয়। বিতর্কিত আইডি ও পেজ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেবেন কী না জানতে চাইলে দেশ রূপান্তরকে তিনি বলেন, কীভাবে ব্যবস্থা নেব? দুই-তিন মাস পরপর আমার নাম ব্যবহার করে আইডি খোলা হয়। তিনি বলেন, বিদেশ থেকেও এই আইডি চালানো হতে পারে। তাহলে ব্যবস্থা কীভাবে নেব? রাজী বলেন, আমি এটুকু নিশ্চিত করতে পারি যে, এই আইডি আমার নয়।
রাজী মোহাম্মদ ফখরুল এমপি নামে ওই ফেইসবুক আইডি ও পেজ থেকে হত্যাকাণ্ডের জন্য রিফাতের স্ত্রী মিন্নিকে দায়ী করার পর তীব্র সমালোচনার পর একই আইডি ও পেজ থেকে হত্যাকা-ের বিচারও দাবি করা হয়। শুধু তাই নয়, ফেইসবুকে প্রতিক্রিয়ার একপর্যায়ে হত্যাকান্ডের জন্য রিফাতের স্ত্রী মিন্নিকে দায়ী করে লেখা ওই স্ট্যাটাসটি মুছেও ফেলা হয়। এমন একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে একই ফেইসবুক আইডি ও পেজ ব্যবহার করে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা আসায় ওই আইডি ও পেজ সাংসদ রাজীর বলেই মনে করছেন অনেকে। কারণ হিসেবে তারা বলছেন, কোনো ব্যক্তির নামে অন্য কেউ আইডি বা পেজ খুললে ফেইসবুক কর্র্তৃপক্ষকে তিনি অভিযোগ করলে ওই আইডি ও পেজ বন্ধ করে দেওয়া হয়। আইডি ও পেজ কে বা কারা খুলেছে তাও জানা সম্ভব। একটি জিডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে তারা বিষয়টি খতিয়ে দেখে।
গত বুধবার সকাল ১০টার দিকে রিফাত ও তার স্ত্রী মিন্নি বরগুনা সরকারি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা নিয়ে রিফাতের ওপর চড়াও হয়। রামদার আঘাতে মৃত্যু হয় রিফাতের। স্ত্রী মিন্নি শত চেষ্টা করেও বাঁচাতে পারেননি স্বামী রিফাতকে। প্রকাশ্য দিবালোকে খুনিরা হত্যাকা- ঘটালেও রিফাত ও মিন্নিকে সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ। তবে এই হত্যাকান্ডের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
মিন্নি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘বিয়ের আগে থেকেই রিফাতের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল। বিয়ের পরও নয়ন আমাকে বিরক্ত করে আসছিল। বিষয়টি আমি আমার স্বামীকেও জানিয়েছিলাম।’
