লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য (মেম্বার) শামসুন নাহারের বিরুদ্ধে ১৫ গৃহবধূর মাতৃত্বকালীন ভাতার কার্ড আটক রেখে জনপ্রতি ৪ হাজার ৬০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এক ভুক্তভোগী নারী গত বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার লামচর ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার শামসুন নাহার মজুপুর গ্রামের এক নারীকে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেওয়ার নামে ২ হাজার ও ওই ভাতার অ্যাকাউন্ট খোলার নাম কওে আরও ৫০০ টাকা হাতিয়ে নেন। সরকার ৬ হাজার টাকা করে তিন কিস্তিতে মাতৃত্বকালীন ভাতা ১৮ হাজার টাকা দেয়।
পরে ২৩ জুন রামগঞ্জ কৃষি ব্যাংকে উপস্থিত হয়ে ব্যাংকের নির্ধারিত ফরমে ভাতা গ্রহীতার কাছ থেকে ৬ হাজার টাকা উত্তোলন ফরমে স্বাক্ষর নিয়ে শামসুন নাহার আরও ২ হাজার ১০০ টাকা কেটে নিয়ে ভাতার কার্ডটি নিজের কাছে রেখে দেন।
এ ব্যাপারে শামসুন নাহার বলেন, কার্ড নিতে বিভিন্ন ব্যক্তিকে যে টাকা দিতে হয়েছে সেই টাকা তো কার্ডধারী মহিলাদের থেকেই নিতেই হবে।’
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করীম জানান, অভিযোগ প্রমাণিত হলে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
