ছাত্রদলকে ক্যাম্পাসে চায় বাম সংগঠনগুলো

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৬:৩৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সামনে রেখে ছাত্রদলকে ক্যাম্পাসে চায় বাম ছাত্রসংগঠনগুলো।
জাকসুর দাবিতে এসব সংগঠন আন্দোলন করে আসছে। 

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাকসু নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী পাঁচ সংগঠন। সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা বলেন, সব বৈধ সংগঠনকে ক্যাম্পাসে কাজের সুযোগ দিতে হবে এবং সহাবস্থান নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, আমরা দেখেছি ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। হলে থাকতে দেওয়া হচ্ছে না, এমনকি তাদের কেউ পরীক্ষা দিতে আসলেও মারধরের ঘটনা ঘটেছে। তাদের ক্যাম্পাসে ঢোকার ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। 

এছাড়া  লিখিত বক্তব্যে সংগঠনগুলোর পক্ষে সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু বলেন, ‘আমরা মনে করি সব ছাত্র সংগঠনের অবাধ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি ব্যাতীত নির্বাচন কমিশন গঠন ফলপ্রসু হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচন প্রস্তুতি কমিটির সহায়তায় সব ছাত্র সংগঠন, প্রক্টরিয়াল বডি ও প্রশাসনকে সঙ্গে নিয়ে জাকসু’র পরিবেশ সৃষ্টিতে আলোচনা করতে হবে। অতিদ্রুত সবার ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে গঠনতন্ত্র সংশোধন, ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ধারণ করে ভোটার তালিকা প্রণয়ন করতে হবে।’

শাখা ছাত্র ইউনিয়নের সেক্রেটারি আরিফুল ইসলাম অনিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কোনো প্রহসনের নির্বাচন জাবিতে হতে দেয়া হবে না।’

সংবাদ সম্মেলন আহ্বানকারী ছাত্র সংগঠনগুলো হলো,  ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী), সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছে আগামী ৩১ জুলাই’র মধ্যে জাকসুর নির্বাচন কমিশন গঠন করা হবে ও আগামী নভেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে। 

প্রশাসনের এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত