প্রধানমন্ত্রীর কাছে ছেলে হত্যার বিচার চাইলেন রিফাতের বাবা

আপডেট : ৩০ জুন ২০১৯, ০৩:৫২ এএম

বরগুনায় প্রকাশ্যে সড়কে বহু পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ছেলে হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেছেন।

তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা আমার সবকিছু শেষ করে দিয়ে গেল, আমার আর কিছুই রইল না। আগামী দিনগুলোতে আমি কী নিয়ে বাঁচব? আল্লাহ তুমি এ কোন অভিশাপ দিলা আমাকে? যে সন্ত্রাসীরা আমার ছেলেকে মেরেছে, তারা এখনো

গ্রেপ্তার হয়নি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’ গতকাল শনিবার দুপুরে বরগুনা প্রেস ক্লাব চত্বরে বসে দেশ রূপান্তরকে এসব কথা বলেন দুলাল শরীফ।

তিনি আরও বলেন, ‘আমার ছেলেকে তো আর ফিরে পাব না। কিন্তু যে সন্ত্রাসীরা আমার ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। চার দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত সরাসরি হামলায় অংশ নেওয়া নয়ন বন্ড ও রিফাত ফরাজীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব আমার ছেলের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনুন।’

রিফাতের বাবা আরও বলেন, ‘বাবার কাঁধে সন্তানের লাশ যে কতটা ভারী, সেটা যে ব্যক্তির কাঁধে তার সন্তানের লাশ উঠেছে, সে ছাড়া আর কেউ বুঝতে পারবে না। পৃথিবীতে এর চেয়ে বড় কোনো শাস্তি আর কোনো মানুষের জন্য হতে পারে না। এই কুখ্যাত খুনিচক্র শুধু আমার কলিজার টুকরো রিফাত শরীফকেই খুন করেনি, আমাকেও পঙ্গু করে ছেড়ে দিয়েছে। আমি দীর্ঘ ১০ বছর ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টে রিং পরিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে আছি। অপরদিকে আমার স্ত্রী ডেইজি আক্তার ১৮ বছর যাবৎ নানান রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।’

ছেলে হত্যার বিচার পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান জানিয়ে দুলাল শরীফ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে তার সঙ্গে সাক্ষাৎ। আমি একমাত্র পুত্রসন্তান হারিয়ে আজ দিশেহারা। আমি যদি প্রধানমন্ত্রীর সঙ্গে একটু কথা বলার সুযোগ পেতাম, তা হলে আমি অনেকটা প্রশান্তি পেতাম এবং প্রাণ খুলে আমার ভিতর লুক্কায়িত কিছু কষ্টের কথা অন্তত মমতাময়ী মাকে জানাতে পারতাম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত