শিক্ষকদের বেতন মাসের শুরুতে নয় কেন

আপডেট : ০১ জুলাই ২০১৯, ১০:২৯ পিএম

আমাদের দেশে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। যারা মাসের শেষে বেতন-ভাতা পাওয়ার আশায় তীর্থের কাকের মতো অপেক্ষা করে থাকেন। তাদের ওপর ক্রমাগত বাড়তে থাকে মুদি দোকানিসহ অন্যান্য পাওনাদারের চাপ। এর ওপর রয়েছে বাচ্চাদের স্কুলের বেতন, প্রাইভেট পড়ার খরচসহ আরও কত কিছু। মাসের ১৫ দিন পার হয়ে গেলেও বেতনের কোনো খবর থাকে না। এমনও হয়, ঈদ চলে এসেছে, তবু তাদের বেতনের টাকা ব্যাংকে এসে পৌঁছায়নি। তারপর বাধ্য হয়েই তাদের ধার-দেনার দিকে ঝুঁকে পড়তে হয়। বাংলাদেশের সব খাতেই অনলাইন সিস্টেমসহ ডিজিটালাইজেশন হয়েছে। কিন্তু এমপিওভুক্ত হাইস্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস দেওয়ার ক্ষেত্রে কোনো সিস্টেম আপডেট হয়নি। মন্ত্রণালয় থেকে বেতন-ভাতা স্থানীয় ব্যাংকে পৌঁছাতে এখনো পনেরো দিন সময় লাগে! বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর কাছে তাদের আকুল আবেদন, মাস শেষ হলেই অথবা মাসের প্রথম সপ্তাহে অন্তত তাদের হাতে যেন বেতন-ভাতাটুকু পৌঁছায়। এ বিষয়টি বিবেচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষাসংশ্লিষ্ট সবার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

রবিউল ফিরোজ, সহকারী শিক্ষক, রানীনগর উচ্চ বিদ্যালয়, আত্রাই, নওগাঁ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত