আপনি পৃথিবীর বুদ্ধিমান প্রাণী হিসেবে যা করছেন তা কি স্বজ্ঞানে করছেন? নাকি কেউ আপনাকে নিয়ন্ত্রণ করছে? এমনও তো হতে পারে বহির্বিশ্বের কোনো বুদ্ধিমান, উন্নত জীব জগতের কম্পিউটার গেমের অংশ আপনি। হয়তো আপনি পৃথিবীরই জীব নন। প্রতিনিয়ত যে খেলার মধ্যে দিয়ে আপনি চলছেন সেই খেলার শেষ কোথায়? আপনি কি সত্যিই মানুষ না অন্য কিছু? এমনই নানা প্রশ্ন নিয়ে হাজির হলো একটি ছবির ট্রেইলার। ছবির নাম ‘অনুপ্রবেশ’। ছবিটি মুক্তি পাবে ১৯ জুলাই।
ছবিতে দেখা যাবে, একটি রহস্যময় দুর্ঘটনার শিকার হয় অরিষ্ট নামের এক যুবক। দুর্ঘটনার পর অরিষ্ট চলে যায় এক অপ্রাকৃত, ঐন্দ্রজালিক জগতে। সেখানে সে মুখোমুখি হয় তার প্রেমিকা অবন্তীর মতো দেখতে রুরু নামের একটি রহস্যময় মেয়ের। মেয়েটি অরিষ্টকে নিয়ে ঘুরে বেড়ায় গ্রহাণু ও সমুদ্রতলের অদ্ভুত জগতে।
এরপর সমুদ্র বলয় ঘুরতে ঘুরতে রুরু অরিষ্টকে জানায় পৃথিবীর অপার রহস্যের কথা। এই পৃথিবীতে কীভাবে মানুষের অনুপ্রবেশ ঘটেছে, তার কথা। রুরুর কাছে অদ্ভুত সব কথা শুনতে শুনতে এলোমেলো হয়ে যায় অরিষ্টর মানসিক জগৎ। একসময় বিদায় নেয় রুরু। পাশাপাশি অরিষ্টও ক্রমশ সুস্থ হয়ে ওঠে কোমা থেকে। কিন্তু রহস্য আরও ঘনীভূত হতে থাকে। তিনটি বিস্ময়কর টাইম ট্রাভেল, সুররিয়ালিজম, সায়েন্স ফ্যান্টাসি ও ফিলসফির এক অদ্ভুত মিশেল নিয়ে এগিয়ে চলে এই চিত্রকাহিনি।
প্রযোজনা সংস্থা জানায়, অনুপ্রবেশ দেখতে তারাই আসুন যারা বাংলাদেশের প্রকৃতির ভেতরে দিয়ে ছুঁয়ে দেখতে চান এই বিশ্বব্রহ্মাণ্ডকে। গভীর মননে অনুভব করতে চান জাদুবাস্তবতা, দর্শন ও কল্পবিজ্ঞানের আশ্রয়ে তৈরি এক বিস্ময়কর বোধ। এমন বিস্ময়বোধের চলচ্চিত্রায়ণ বাংলা সিনেমায় আগে কখনো দেখা যায়নি।
তাপস কুমার দত্ত পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আলতাফ হোসেন, পীযূষ বন্দ্যোপাধ্যায়, আনোয়ার সাইম, সানজিয়া ইসলাম, ওয়ালিউল হক রুমি, কাজী তমাল, হাসান ইমাম-সহ আরও অনেকে। ছবিটি প্রযোজনা করেছে রুভা মুভিজ।
