নৌ-দুর্ঘটনা ছয় মাসে নিহত ৭১ নিখোঁজ ৯৩

আপডেট : ০২ জুলাই ২০১৯, ১১:৩৮ পিএম

গত ছয় মাসে দেশে নৌ-দুর্ঘটনায় ৭১ জন নিহত, ২২৬ জন আহত ও ৯৩ জন নিখোঁজ হয়েছে। নিহতদের মধ্যে ১২ নারী ও ১৩ শিশু রয়েছে। ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌপথে যাত্রী এবং পণ্যবাহী ট্রলারসহ ছোট ছোট দুর্ঘটনায় হতাহতের এসব ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য-উপাত্তের ভিত্তিতে সংগঠনটি এ প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, জানুয়ারিতে ১০টি দুর্ঘটনায় দুই নারী ও দুই শিশুসহ নয়জন নিহত, ৩৭ জন আহত ও ২০ জন নিখোঁজ হয়। ফেব্রুয়ারিতে ১৫টি দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়। যার মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। আর আহত হয় ৬৭ ও নিখোঁজের সংখ্যা ৩৮ জন। মার্চে ১৮টি দুর্ঘটনায় চার নারী ও পাঁচ শিশুসহ ১৫ জন নিহত হয়। এ সময় আহত হয় ৫০ জন ও নিখোঁজ হয়েছে ১১ জন। এপ্রিলে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে; যার মধ্যে এক নারী ছিল। ওই মাসে আহত ও নিখোঁজ হয়েছে যথাক্রমে দুজন ও ১৬। মে মাসে ১২ দুর্ঘটনায় প্রাণ হারায় দুই নারী ও দুই শিশুসহ ১৩ জন। সেই মাসে ৪৬ জন আহত ও সাতজন নিখোঁজ হয়েছে। জুনে সাতটি দুর্ঘটনায় এক নারী ও দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছে। এ মাসে আহত হয়েছে ২৪ ও নিখোঁজের সংখ্যা একজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত