পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি তাই ওরা আমাদের ইলিশ দেওয়া বন্ধ করেছে।’ গতকাল মঙ্গলবার বিধানসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এক বিধায়কের প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা এ কথা বলেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, রহিমা বিবি নামক একজন বিধায়কের প্রশ্নের জবাবে মমতা এমন মন্তব্য করেন। মমতা বলেন, ‘বাঙালি মাছে-ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ আমাদের বন্ধুদেশ। কিন্তু জল নেই, তাই কোথা থেকে জল দেব?’
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা ইলিশ মাছ উৎপাদনের লক্ষ্যে রিসার্চ সেন্টার করেছি। আমাদের এই বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে আমাদের এই ইলিশ নিয়ে গবেষণা শেষে আমরা প্রচুর ইলিশ উৎপাদনে সমর্থ হব। তখন গোটা দেশে ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর আমাদের বাইরে থেকে ইলিশ আনতে হবে না।’
২০১২ সালের জুলাই থেকে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। এর পর থেকে পশ্চিমবঙ্গের ইলিশ ব্যবসায়ীরা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তবে বাংলাদেশ সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় এখনো কোনো পরিবর্তন আসেনি।
এদিকে তিস্তার পানির দাবিতে অনড় রয়েছে বাংলাদেশ। কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমল থেকে এই পানিবণ্টনের জন্য বাংলাদেশ দাবি জানিয়ে আসছে। তবে ভারত সরকার এখনো তাতে সবুজ সংকেত দেয়নি। মমতা তিস্তার পানি না থাকার কারণ দেখিয়ে এই পানিবণ্টন চুক্তির বিরোধিতা করছেন।
