বাংলাদেশের বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে চাই : আর্থার

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৫৩ এএম

এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ভারতের হারে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্নে জোর ধাক্কা লেগেছে। আট খেলায় ৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ১৯৯২-এর চ্যাম্পিয়নরা। শেষ চারে উঠতে হলে তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে অবশ্যই হারাতে হবে। এরপর ‘যদি-কিন্তু’র মারপ্যাঁচে কপাল কতটা খোলে তাই দেখার বিষয়।

তবে এতকিছু নিয়ে এখন ভাবছেন না পাকিস্তান কোচ মিকি আর্থার। শুধু নিজেদের করণীয়টা সঠিকভাবে করতে চান। বলছিলেন, ‘আমাদের ভাগ্য এখন আমাদের হাতে। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে সুযোগটা আমরা কাজে লাগাতে চাই।’ তবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের দিকে চোখ রেখেছেন আর্থার। কারণ ইংল্যান্ডের পয়েন্ট এখন ১০ আর নিউজিল্যান্ডের ১১। তাই আর্থার বলেন, ‘আমি আশা করছি নিউজিল্যান্ড আমাদের হয়ে কাজটা করে দেবে। তবে তারা ব্যর্থ হলে আমি চাই ইংল্যান্ড কিউইদের বিশাল ব্যবধানে হারাবে। যদিও এটি বাড়াবাড়ি পর্যায়ের ভাবনা।’

এজবাস্টনে ভারতের হার নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা যেভাবে খেলেছে সেটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমি ম্যাচটির দিকে নজর রেখেছিলাম। হতাশ হয়েছি। আমাদের জন্য দরজা যাতে না খোলে তাই তারা চেষ্টা করেনি।’ বিশ্বকাপে দলের অবস্থা নিয়ে বলতে গিয়ে পাকিস্তান কোচ বলেন, ‘উইন্ডিজদের সঙ্গে হার আমাদের বেশি ক্ষতি করেছে। যদিও আমরা পরে মোমেন্টাম খুঁজে পেয়েছি ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে। প্রথম ম্যাচের হার এখন আমাদের আঘাত দিচ্ছে বেশি।’

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের হারে সেমিফাইনাল বৃত্ত অনেকটাই নিশ্চিত হয়েছে। তাই পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা কমে গেছে। মাঠের অর্ধেকের মতো টিকিট এখনো অবিক্রীত রয়ে গেছে। লর্ডসের মতো মাঠে দর্শকহীনতা এমসিসি ক্লাবের জনপ্রিয়তাকে বিশ্বজুড়ে কমিয়ে দেবে। এর আগে ২০১৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটিতে গ্যালারি দর্শকশূন্য ছিল।

একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক ক্লাব কর্র্তৃপক্ষ তা চাচ্ছে না। তাই তারা ক্লাবের ২৫০ ছাত্রকে খেলার দিন মাঠে থাকার আমন্ত্রণ জানিয়েছে। এদিকে এমসিসির প্রধান কার্যনির্বাহী গাই ল্যাভেন্ডর বলেন, ‘পয়েন্ট তালিকার সর্বশেষ অবস্থা অনুযায়ী বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কমে গেছে। আর এর ফলে গ্যালারির একাংশ দর্শকশূন্য থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা আমাদের ক্লাবের জনপ্রিয়তার সঙ্গে সাংঘর্ষিক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত