বিদেশে চাকরির নামে দেড় কোটি টাকা আত্মসাৎ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০১:৫৬ এএম

বিদেশে চাকরি দেওয়ার কথা বলে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলো আলতাফ হোসেন (৪৮) ও তার সহযোগী শরীফুল ইসলাম (৫৮)। গত বুধবার রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

এতে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জমান বলেন, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ প্রতারক চক্রটি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ভিসা করিয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ২০ জানুয়ারি রাজধানীর কোতোয়ালি থানায় এ নিয়ে মামলা হয়। মামলার আসামি চক্রের মূল হোতা মো. আলতাফ হোসেন ও তার সহযোগী শরীফুলকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আলতাফ নিজেকে সরকারের উচ্চ পর্যায়ের লোক দাবি করত। বিভিন্ন কোম্পানিতে চাকরির প্রলোভনে চাকরিপ্রত্যাশী ও যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক লোকজনের কাছ থেকে দফায় দফায় টাকা নেন তিনি। এই কর্মকর্তা জানান, প্রতারক চক্র চাকরির কথা বলে ২০১৮ সালে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করেছিল। ক্ষতিগ্রস্তদের মধ্যে মো. শামীম বাশার তাদের বিরুদ্ধে মামলা করেন। এ দলের অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত