ক্ষমতা ভাগাভাগিতে রাজি সুদানের বিরোধীরা

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১২:২২ এএম

সুদানে পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত সামরিক বাহিনী ও বিরোধী জোট একে অপরের সঙ্গে ক্ষমতার ভাগাভাগিতে রাজি হয়েছে বলে মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। রাজধানী খার্তুমে দুই দিনের আলোচনা শেষে গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাত দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। চুক্তির খবর শুনে সুদানের শহরগুলোতে বিক্ষোভকারীদের উল্লাস করতে দেখা যায়। তিন দশক ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উৎখাতের পর অন্তর্বর্তীকালীন শাসনভার নিয়ে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বশিরবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন ‘ক্ষমতা কুক্ষিগত করে রাখা’ সেনা কাউন্সিলকে বেসামরিকদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানায়। এ নিয়ে বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ও আফ্রিকান ইউনিয়নের সদস্যদের মধ্যস্থতায় খার্তুমে দুই পক্ষ ফের আলোচনায় বসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত