বিশ্বকাপে সব খোয়ানোর পর শেষ দিকে এসে অন্য রূপে দেখা দিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে তুলে নিয়েছিল জয়। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করে গড়ল বড় পুঁজি।
ফ্যাফ দু প্লেসির সেঞ্চুরি ও রাশি ফন ডার ডুসেনের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর করে ৬ উইকেটে ৩২৫ রানের পুঁজি গড়ল প্রোটিয়ারা। ৯৪ বলে ১০০ রান করেন ডু প্লেসি। আর শেষ বলে আউট হওয়ার আগে ৯৫ রান করেন ডুসেন।
চোটের কারণে হাশিম আমলা এ ম্যাচে খেলছেন না। কুইন্টন ডি ককের সঙ্গে তাই ওপেন করতে নামেন আইডেন মারকরাম। দলকে দুর্দান্ত শুরু এনে দেন এই দুজন। উদ্বোধনী জুটিতে যোগ করেন ৭৯ রান। মারকরামকে ব্যক্তিগত ৩৪ রানে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। এরপর ফিফটি তুলে নেওয়া ডি কককেও নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। ৫১ বলে ৭ চারে ৫২ রান করেন ডি কক।
এরপর তৃতীয় উইকেটে দু প্লেসি ও ডুসেন মিলে রীতিমতো ভোগালেন অজি বোলারদের। ১৫১ রান যোগ করেন এই দুজন। ডু প্লেসি সেঞ্চুরি পূরণের দুই বল পরই ফিরেছেন। ৯৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ঠিক ১০০ রান করেছেন তিনি।
এরপর ডুসেনের ব্যাটে এগিয়েছে প্রোটিয়ারা। কামিন্সের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে ক্যাচ হন ডুসেন। ৯৭ বলে ৯৫ রান করেছেন ৪টি করে চার ও ছক্কায়।
এ ছাড়া জেপি ডুমিনি ১৪, ডোয়াইন প্রিটোরিয়াস ২ ও আন্দিলে ফেলুকওয়ায়ো অপরাজিত ৪ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন ও মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়া এ ম্যাচ জিতলে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ জয় তুলে নিয়ে শেষটা অন্তত ভালো করার। আগের ৮ ম্যাচে যারা মাত্র ২টিতে জয় পেয়েছে।
