ছাত্রদলের নতুন কমিটি গঠনে যে সংকট চলছে তা সমাধানে আজ রবিবার বৈঠকে বসছেন সার্চ কমিটির নেতারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির এক সদস্য। তিনি বলেন, প্রথমে সংকট সমাধানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনা নেওয়া হবে। পরে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে আমরা বৈঠক করব। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের রাস্তা বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। গত শনিবার বৈঠক হওয়ার কথা থাকলেও তারেক রহমান সময় না দেওয়ায় বৈঠকটি হয়নি।
