তুমি কেমন করে রান করো হে গুণী, রোহিতকে কলকাতা পুলিশের টুইট

আপডেট : ০৭ জুলাই ২০১৯, ০১:০৪ পিএম

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। এখন পর্যন্ত ধরে রেখেছেন টুর্নামেন্টে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থান। লিগ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচেও সেঞ্চুরি হাঁকালেন তারকা এই ব্যাটনম্যান। দারুণ পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন রোহিত। রোহিতের প্রশংসা করে টুইট করেছে কলকাতার পুলিশও।

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জয়ের পর রোহিতের প্রশংসা করে কলকাতা পুলিশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট টুইট করা হয়েছে। রোহিতের একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছে- “তুমি কেমন করে রান করো হে গুণী।”

লিডসের হেডিংলিতে শনিবার লিগ পর্বে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় রোহিত। ৩৯ বল হাতে রেখে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১১৮ বলে ১১১ রানের ইনিংস খেলে দলের জন্য কাজটা সহজ করে দেন রোহিত।

এই নিয়ে চলতি বিশ্বকাপে রোহিতের রান দাঁড়িয়েছে আট ম্যাচে ৬৪৭। এর মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন পাঁচটি, হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন একটি।

চলতি বিশ্বকাপে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ১৪০ রান করেন হিটম্যান। বার্মিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে  ১০২ রান, সেই এজবাস্টনেই বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস। আর লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে শনিবার ৯৪ বলে ১০৩ রান করেন রোহিত।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত রোহিতের অর্জন:

* ২০১৯ বিশ্বকাপে আট ইনিংসে রোহিত শর্মার সংগ্রহ ৬৪৭ রান।

* বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাটট্রিক।

* ২০১৯ সালে বিশ্বকাপে আট ইনিংসে পাঁচ সেঞ্চুরি।

* এক বিশ্বকাপে সর্বাধিক শতরানের মালিক হলেন তিনি। এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করার রেকর্ড ছিল একমাত্র শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেই সাঙ্গাকারাকে স্পর্শ করেন রোহিত। লঙ্কানদের বিরুদ্ধে সেঞ্চুরি করে সাঙ্গাকারার রেকর্ড ভেঙে এক বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির নজির গড়লেন হিটম্যান।

* ১৯৯২ থেকে ২০১১। ছয় বিশ্বকাপে শচীন ছয়টি সেঞ্চুরি করেছেন। ২০১৫ এবং ২০১৯ দুটি বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি।

* এক বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে ৬০০ রানের গণ্ডি টপকালেন রোহিত। সচিন তেন্ডুলকর এক বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন। শচীনের রান টপকাতে রোহিত হাতে পাচ্ছেন বিশ্বকাপের সেমি-ফাইনাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত